রায়গঞ্জে দুই কৃষকের ৬ গরু চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামতৈল বাগিচা গোয়ালপাড়ায় শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়। এ সময় শরিফুল বিষয়টি টের পেয়ে চিৎকার করলে চোরেরা গরুগুলো গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভীসহ তিনটি গরু চুরি হয়। এগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে গরু চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা