টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ারের ৪ সদস্যসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্য ও এক দোকান কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। দগ্ধরা হলেন ফায়ার- সার্ভিস সদস্য শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও হার্ডওয়্যার দোকান কর্মচারী আলআমিন হোসেন(২৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফায়ারের চার সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া, একজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম আলআমিন হোসেন (২৮)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান সেখানকার চিকিৎসকরা।
এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান জানান, দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ