দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরাল বনকর্মীরা
উখিয়ায় লোকালয়ে সাত হাতির হানা

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে প্রবেশ করেছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সকালে হঠাৎ লোকালয়ে হাতির পাল দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা। এরপর হাতির পালকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালান। একপর্যায়ে তাঁদের প্রচেষ্টা সফল হয়। নিরাপদেই হাতির সাত সদস্যের পালকে পুনরায় বনে ফিরিয়ে নিতে সক্ষম হন তাঁরা।
এ ঘটনায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে লোকালয়ে বন্য হাতির এমন বিচরণ নতুন করে মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা এবং সহাবস্থান নিয়ে প্রশ্ন সামনে এনেছে।
বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং খাদ্য ও পানির সন্ধানে বন্য হাতি অনেক সময় লোকালয়ের কাছাকাছি চলে আসে। এতে একদিকে মানুষের জানমালের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে, অন্যদিকে বন্য হাতিও নানা বিপদের মুখে পড়ে।
এ অবস্থায় হাতির চলাচলের স্বাভাবিক পথ ও আবাসস্থল সংরক্ষণ, বনাঞ্চল রক্ষা এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
বন্যপ্রাণী ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বন রক্ষার পাশাপাশি হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র সংরক্ষণেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ভোরের আকাশ/রই