চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আকতার (৪২) ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার এমআর মো. শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে চিকিৎসক দেখিয়ে চন্দনাইশ পৌরসভা এলাকায় অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ প্রসঙ্গে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি দু'টিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ