দিনাজপুরে রবি মৌসুমের বীজ বিপণন নিয়ে কর্মশালা

কৃষক পর্যায়ে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত ও সঠিক সময়ে রবি মৌসুমের বীজ বিপণন কার্যক্রম আরও গতিশীল করতে দিনাজপুরে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দিনাজপুর সদর উপজেলা হলরুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের উদ্যোগে ‘রবি মৌসুমে বীজ বিক্রয় কলাকৌশল-২০২৬’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবি মৌসুমে মাঠপর্যায়ে বীজ বিক্রি বাড়ানো ও ডিলারদের উৎসাহিত করতে কর্মশালায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিএডিসি রাজশাহী বিভাগের যুগ্মপরিচালক (বীজ) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএডিসি দিনাজপুরের যুগ্মপরিচালক (বীজ) কে এম মনিরুজ্জামান, যুগ্মপরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন ও দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
বিএডিসি দিনাজপুর অঞ্চলের উপপরিচালক (বীজ বিপণন) কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের বীজের চাহিদা, সরবরাহ ব্যবস্থা, সঠিকভাবে বীজ সংরক্ষণ ও বিপণন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে দিনাজপুর অঞ্চলের ২৩টি থানার বীজ ডিলাররা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত বীজের বিকল্প নেই। কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন বীজ পৌঁছে দিতে বিএডিসির ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
কর্মশালায় দিনাজপুর অঞ্চলের বিএডিসির নিবন্ধিত বিপুলসংখ্যক বীজ ডিলার ও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ