সাপাহারে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নানা আয়োজন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা, ঋণ বিতরণ, পুরস্কার প্রদান এবং বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর বেলা ১১টায় বিআরডিবির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এবং সুফলভোগী রবিউল ইসলাম।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ, পুরস্কার এবং বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ