গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। এ সময় একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংক ভবনের একটি দরজার কিছু অংশ পুড়ে যায়।
ভবনটির যৌথ মালিকানার অংশীদার খাইরুল হাসান লাভলু জানান, তাঁদের দোতলা পাকা ভবনের নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংক বার্থী শাখার কার্যক্রম পরিচালনা করছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে লাঠিসোঁটা দিয়ে ভবনের নিচতলার দুটি জানালা ভাঙচুর করে। পরে ভাঙা জানালা দিয়ে ব্যাংক কার্যালয়ের ভেতরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সময় ভবনের দরজা ও দেয়াল লক্ষ্য করে আরও তিনটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।
এর মধ্যে দরজার ওপর নিক্ষেপ করা একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। পরে ভবনের দোতলায় বসবাসকারী ভাড়াটিয়া ও ব্যাংকের নাইটগার্ড বালতিতে পানি এনে আগুন দ্রুত নিভিয়ে ফেলেন।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি ও সহকারী ব্যবস্থাপক শাখা কার্যালয় থেকে বের হয়ে পাশের বার্থী বাজারে যান। রাত পৌনে ৯টার দিকে বাজারের একটি মসজিদে এশার নামাজ আদায়ের সময় নাইটগার্ড ফোন করে ব্যাংকে বোমা হামলার খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাঁরা কার্যালয়ের ভেতরে দুটি এবং ভবনের বাইরে আরও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা দেখতে পান। এ ছাড়া কার্যালয়ের দরজায় বিস্ফোরিত পেট্রোল বোমার আগুন ততক্ষণে নিভিয়ে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, ব্যাংকের নাইটগার্ড ও ভবনের দোতলায় বসবাসকারী ভাড়াটিয়া পরিবারের সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ব্যাংক কার্যালয়টি রক্ষা পায়। পাশাপাশি ভবনের দোতলায় বসবাসকারী লোকজনও প্রাণে বেঁচে যান। পরে খবর পেয়ে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত জব্দ করে।
এদিকে এলাকাবাসীর দাবি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে।
ফুটেজে দেখা গেছে, তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ব্যাংক ভবনের জানালা ভাঙচুর করে। পরে তারা ব্যাংকের কক্ষের ভেতরে ও বাইরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এম