পদ্মফুলের সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে নাগেশ্বরীর ডাকনিরপাট বিল

বর্ষার পানিতে ফুটে থাকা গোলাপি-সাদা পদ্মফুলে মনোমুগ্ধকর রূপ ধারণ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট পদ্ম বিল। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা পদ্মের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা।
প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিলটি স্থানীয় মানুষের জীবিকা ও গ্রামীণ জীবনের সঙ্গেও জড়িয়ে আছে।
সকালের কোমল রোদে শিশিরভেজা পাপড়ি মেলে ধরে পদ্মফুল। বিলের শান্ত জলরাশিতে গোলাপি ও সাদা ফুলের সমারোহ যেন ছড়িয়ে দেয় মায়াবী চাদর। দূর থেকে দেখলে মনে হয়, শিল্পীর তুলিতে আঁকা কোনো জীবন্ত ছবি। জলের আয়নায় ভেসে থাকা পদ্মফুলগুলো যেন প্রকৃতির নিজ হাতে গড়া অলংকার।
ডাকনিরপাটের এই পদ্ম বিল শুধু একটি জলাভূমি নয়, বরং স্থানীয় মানুষের স্মৃতি, প্রকৃতিপ্রেম ও গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা এক নৈসর্গিক স্থান। ভোরের আলো ফুটতেই বিলের পাড়ে শুরু হয় মানুষের আনাগোনা। কেউ আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউবা প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ক্যামেরায় বন্দি করেন বিলের অপরূপ দৃশ্য।
পদ্ম বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থী তোড়া মনি ও মেহনাজ আক্তার জানান, তাঁরা নাগেশ্বরী থেকে এই গ্রামীণ পদ্ম বিলের সৌন্দর্য দেখতে এসেছেন। সাদা পদ্মের নয়নাভিরাম দৃশ্য তাঁদের মুগ্ধ করেছে। তাঁদের মতে, ফুল মানুষকে সত্য ও সুন্দরের পথে চলতে শেখায়। ফুলের মতো আলোকিত হয়ে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।
পদ্মপাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা ও বাতাসে দুলতে থাকা ফুলের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনে ছড়িয়ে দেয় মুগ্ধতা। কেউ নৌকায় বসে পদ্মফুলের কাছাকাছি গিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। সব মিলিয়ে পদ্ম বিলটি যেন প্রকৃতির বুকে লেখা এক নীরব কবিতা।
এই বিলকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার নানা গল্প। বিলের জল ও আশপাশের পরিবেশের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক। কেউ পদ্মফুল ও পাতা বিক্রি করেন, আবার কেউ নৌকায় দর্শনার্থীদের ঘুরিয়ে বাড়তি আয় করেন।
বিলে পদ্মফুল তুলতে দেখা যায় স্থানীয় কিশোর হাবিবুর রহমানকে। সে জানায়, অনেকেই বিল থেকে পদ্মফুল ও পাতা তুলে নিয়ে যান। কেউ সেগুলো বিক্রি করেন, আবার কেউ বাড়িতে নিয়ে ছোট ভাইবোনদের দেন। ফুল ঝরে যাওয়ার পর পদ্মের থোকায় যে কাঁচা পদ্ম থাকে, সেগুলোও খেতে বেশ সুস্বাদু।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক, কবি ও কলামিস্ট মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডাকনিরপাটের এই পদ্ম বিল শুধু পদ্মফুলের বিল নয়, এটি উত্তর জনপদের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। বর্ষার জলে প্রকৃতি এখানে কবিতা লেখে, আর পদ্মফুল হয়ে ওঠে সেই কবিতার প্রতিটি পঙ্ক্তি। এতে ফুটে ওঠে গ্রামবাংলার সুখ-দুঃখের চিত্র। ফুল মানুষকে আলোকিত ও সুন্দরভাবে বেঁচে থাকার সাহস জোগায়।
তিনি আরও বলেন, বিলটি সংরক্ষণ করে আরও আকর্ষণীয় করে তোলা হলে ভ্রমণপিপাসুদের জন্য এটি বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
ভোরের আকাশ/সু.পা