আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নোমানের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহ আল নোমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ শোডাউনে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন তিনি।
শোডাউনটি আবুবকরপুর ইউনিয়নের শিবা চৌমুহনী থেকে শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে মোটরসাইকেলের বহরটি চরফ্যাশন বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
আব্দুল্লাহ আল নোমান আবুবকরপুরের গুনী শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা হাসান মিয়ার সুযোগ্য সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক।
তাঁর ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকাকালে রাজনৈতিক কারণে তাঁকে চারবার কারাবরণ করতে হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছিল।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্বাচিত হলে আবুবকরপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় অর্থের প্রভাব ও টাকার সংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াও তাঁর অন্যতম অঙ্গীকার।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নোমান বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, ‘আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।’
নোমান আরও বলেন, ‘আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত আবুবকরপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।
ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর ভূমিকা রাখব। এ জন্য সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’
শোডাউন ও গণসংযোগকালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব