জরাজীর্ণ ঘরে খুনীয়াগাছ ইউপির কার্যক্রম, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব ভবন নেই, তাই জরাজীর্ণ টিনশেড কক্ষেই চলছে লালমনিরহাট সদর উপজেলার খুনীয়াগাছ ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম। স্থানসংকট, অবকাঠামোগত দুর্বলতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিদিন ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় প্রার্থীরা নিজস্ব ইউপি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো টিনশেড কক্ষে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিস্তা নদীবেষ্টিত হওয়ায় খুনীয়াগাছ ইউনিয়নের মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবার গুরুত্ব অনেক বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে নিজস্ব অবকাঠামো না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ টিনশেডের একটি কক্ষেই পরিষদের কার্যালয় হিসেবে কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, টিনশেডের বিভিন্ন অংশ ভেঙে গেছে ও অনেক জায়গায় ফুটো রয়েছে। সামান্য বৃষ্টি হলেই কক্ষের ভেতরে পানি পড়ে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরকারি নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তীব্র গরমের সময়ও সেখানে কাজ করা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া কক্ষের আয়তন কম হওয়ায় সেবা নিতে আসা মানুষের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে ভিড় হলে অনেককে দীর্ঘ সময় গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে হয়।
জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও বিভিন্ন ভাতা কার্ডসহ নানা সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, জরাজীর্ণ কক্ষে কম্পিউটার ও সার্ভার স্থাপনের জন্যও পর্যাপ্ত জায়গা নেই। ফলে প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তাদের অভিযোগ, সেবা নিতে এসে ভিড়ের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় কক্ষের ভেতরে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। ফলে প্রয়োজনীয় সরকারি সেবা পেতে সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ একটি এলাকার গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। সেখানে জন্মনিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সরকারি সেবা দেওয়া হয়। অথচ এমন জরাজীর্ণ ও সংকীর্ণ পরিবেশে সাধারণ মানুষকে সেবা নিতে হচ্ছে। তারা দ্রুত খুনীয়াগাছ ইউনিয়ন পরিষদের জন্য একটি নতুন ও আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/সু.পা