ঝিনাইদহে বাল্য বিবাহ ও মাদক রোধে বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা প্রদর্শনী

বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আয়োজিত ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাধ্যমিক স্কুল পর্যায়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মুন্সি ফিরোজা সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
'সোসাল মিডিয়া সমাজকে সংযুক্ত করার চেয়ে বিচ্ছিন্ন করছে' বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ ও পশ্চিম দূর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি খন্ডনে বিতর্ক প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয়। অঙকুর নাট্য একাডেমির শিল্পীরা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সকল এলাকায় এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পথনাটক, বিতর্ক প্রতিযোগিতা, প্রচার-প্রচারণা সহ নানা ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা