অষ্টগ্রামে হামলা-ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৪

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালা পশ্চিম হাটি গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. ইকবাল মিয়ার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে ভোগদখল করা জমি নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের বিরোধ চলে আসছে। এরই জেরে ঘটনার দিন বিকেলে ছোয়াব মিয়ার হুকুমে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে মুক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
আক্রমণকারীরা বসতঘর ও সংলগ্ন দোকানপাট ভাঙচুর করে। এ সময় তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া ঘরের সুকেস ভেঙে ১ ভরি স্বর্ণালংকার এবং ভুক্তভোগীদের গলা থেকে স্বর্ণের চেইন ও অন্যান্য মালামালসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি ও লুটপাট চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের মারধরে নারীসহ চারজন গুরুতর জখম হন।
এই ঘটনায় এজাহারে উল্লেখিত জখমী ব্যক্তিরা হলেন— বিউটি তারা বেগম (স্বামী: মুক্তার হোসেন), সুমা আক্তার (পিতা: মুক্তার হোসেন), ঝুমা আক্তার (পিতা: মুক্তার হোসেন) এবং ওয়ানীম মিয়া (পিতা: মুক্তার হোসেন)। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এদিকে এই হামলার খবর শোনার পর মুক্তার হোসেনের ৭০ বছর বয়সী চাচাতো ভাই শহীদ মিয়া (পিতা: টুকু মাহমুদ) অতিরিক্ত আতঙ্কে স্ট্রোক করেন। তাকে প্রথমে গুরুতর অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন, ছোয়াব মিয়া (পিতা: মৃত আলী হোসেন), রায়হান মিয়া (পিতা: ছোয়াব মিয়া), খুরশিদ মিয়া (পিতা: মৃত আলী হোসেন), কোকা মিয়া (পিতা: খুরশিদ মিয়া)। এছাড়াও অভিযোগে ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তারা সবাই কাস্তুল ইউনিয়নের ভাতশালা পশ্চিম হাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, প্রধান অভিযুক্ত সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোয়াব মিয়াসহ আসামিরা এলাকার বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামার সাথে জড়িত এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত সাবেক মেম্বার ছোয়াব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বাড়ির লোকজন আক্রমণ করতে গেলেও তারা আক্রমণ করার সুযোগ পায়নি। তার আগেই তিনি তাদের ফিরিয়ে নিয়ে এসেছেন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব