সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১ টার মধ্যে এজঘন্য ঘটনাটি ঘটেছে ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায়।
জানা যায়, ভুক্তভোগী শিশুর পিতা একজন অটোরিকশা চালক। তারা (নাসিক) ৯নং ওয়ার্ডের জালকুড়িস্থ পাখাশাহ মাজার সংলগ্ন ভাড়া বাসায় থাকেন।
শিশুটি ৯টায় তার দাদীর সঙ্গে পেনসিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাসার বাহিরে যান। কেনাকাটা শেষে বাসায় ফেরার পর তার দাদির কাছে মজা খাবার জন্য ১০ টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে বের হবার পর তাকে দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
পরবর্তীতে রাত ১১ টার সময়ে জালকুড়ি পাম্পের সামনে চলাচলরত লোকজন শিশুটিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করে কিছুটা সুস্থ করে বাসায় পাঠায়। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, কে এমন ঘটনা ঘটিয়েছে বাচ্চাটা তা বলতে পারছে না। আমরা এটি নিয়ে কাজ করছি। তদন্ত চলমান আছে।
ভোরের আকাশ/ইউএম