ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা আবাসিক এলাকা ও টিএন্ডটি কলোনিতে এসব কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। একই দিন রেলগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
উদ্বোধনকালে মাহফুজুর রহমান রিটন বলেন, তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড ও ফগার স্প্রে এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
ভোরের আকাশ/আ.র