আলমডাঙ্গায় শিয়ালের কামড়ে নারীসহ ৫ জন আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে একই দিনে পৃথক এলাকায় শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময়ে শিয়ালের কামড়ে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভাংবাড়ীয়া গ্রামের ফেরিঘাট পাড়া, পশ্চিমপাড়া ও পাগলা পাড়াসহ বিভিন্ন এলাকায় লোকালয়ের মধ্যে শিয়ালের বিচরণ দেখা যায়। দিনের পাশাপাশি বিকেল ও সন্ধ্যাতেও শিয়াল ঘোরাফেরা করতে দেখা গেছে। এ সময় কয়েকজনকে কামড়ে আহত করে শিয়াল।
আহতদের মধ্যে পশ্চিমপাড়ার কালাচনের স্ত্রী, পাগলা পাড়ার হৃদয় হাসান এবং ফেরিঘাট পাড়ার এক নারী রয়েছেন। এ ছাড়া একই গ্রামের আরও দুইজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আগে গ্রামের বাইরে মাঠ ও ঝোপঝাড়ে শিয়াল দেখা গেলেও সম্প্রতি লোকালয়ের বিভিন্ন পাড়ায় শিয়ালের বিচরণ বেড়েছে। একই দিনে একাধিক এলাকায় শিয়ালের দেখা পাওয়া এবং হামলার ঘটনায় বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভাংবাড়ীয়া গ্রামের বাসিন্দারা বলেন লোকালয়ে শিয়ালের প্রবেশ ও উপদ্রবের কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি শিয়ালের কামড়ের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
ভোরের আকাশ/ইউএম