ডুয়েটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের বাসভবন, প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি বিজয় র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান কর্নারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া। এ সময় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানগণ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সবকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
জানিয়ে বলেন, ‘১৯৭১ সালের এই দিনটি ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয়ের মাধ্যমে এইদিনে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন।
এই বিজয় বিশ্ব ইতিহাসে সাহস, ত্যাগ ও অদম্য চেতনার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে। সময়ের পরিক্রমায় আমরা আবারও দেখেছি, দেশের ছাত্র-জনতা জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে আরেকটি সাহসী উদাহরণ সৃষ্টি করেছে। এই ঐক্যই প্রমাণ করে দিয়েছে, আমরা যদি একতাবদ্ধ থাকি, তবে পৃথিবীর কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।’
মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বা’দ যোহরএদিনে জোহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, প্রীতি
ভলিবল প্রতিযোগিতা। উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেজেছে বর্ণিল লোকসজ্জায়।
ভোরের আকাশ/মো.আ.