মধুপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ

টাঙ্গাইলের মধুপুরে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে উদ্বোধনী সেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের সদস্য সচিব ও প্রশিক্ষক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির , টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক মাহবুল আলম খাসনবীশ, মধুপুর উপজেলার আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন তথ্য, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও কার্যক্রম বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির সুবিধার্থে মধুপুর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের মাঝে ১৩৬টি ট্যাব বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা