নড়াইলে বাড়ির ছাদ থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্লার মাঠ সংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ভ্যান চালক আজিবর শেখ সোমবার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে সন্ধান পাননি। রাত দেড়টার দিকে মোল্লার মাঠের কোনায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লার মাঠের পাশে অবস্থিত একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম আরও বলেন,ভ্যানচালক আজিবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
ভোরের আকাশ/সু.পা