কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা

স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করা, অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) আয়োজিত সভায় সার্বিক সহযোগিতা করে ডিনেট। নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী। সংস্থাটির ফোকাল পারসন আতিকুর রহমান সভা সঞ্চালনা করেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, জাতীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদোয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক এম শাকিল রশীদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া এবং ডিনেটের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়।
এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক উন্নয়ন সংগঠনের (সিএসও) প্রতিনিধি, এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধি, নারী, তরুণ, যুবক, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা