পিরোজপুরে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ১

পিরোজপুর বিয়ের বাসের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে একজন মারা গেছেন ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষ মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন দৈনিক ভোরের আকাশকে বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দৈনিক ভোরের আকাশকে বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ ঘটনায় আশপাশের উপজেলা গুলোর এম্বুলেন্স গুলো জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ