পীরগঞ্জে পৌর ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবন ধসের প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার কমিটির সদস্যরা ধসে পড়া পৌর ভবন চত্বরে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ধ্বংসস্তূপ ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করেন তাঁরা।
পরিদর্শনকালে তদন্ত কমিটির প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটির নির্মাণশৈলী, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান, নকশায় ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় প্রত্যক্ষদর্শী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তাঁরা।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম গণমাধ্যমকর্মীদের জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা নিরূপণে কমিটি গুরুত্বের সঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে দ্রুত তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবন ধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দুর্ঘটনার কারণ এবং এর পেছনে কারও অবহেলা ছিল কি না, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/সু.পা