রায়গঞ্জে অসহায় বৃদ্ধকে হুইলচেয়ার দিল জেলা পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয় বছর ধরে ঘরবন্দী থাকা ষাটোর্ধ্ব অসহায় কলিমুদ্দিনকে হুইলচেয়ার দিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান কলিমুদ্দিনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর উদ্যোগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাঁর অসহায়ত্বের বিষয়টি উঠে আসার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
কলিমুদ্দিন উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালীচরণ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একা হাঁটতে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। আর্থিক সংকটের কারণে হুইলচেয়ারও কিনতে পারেননি।
হুইলচেয়ার পেয়ে কলিমুদ্দিন বলেন, 'দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে পড়ে আছি। কোথাও যেতে পারতাম না। এখন হুইলচেয়ার পেয়ে চলাফেরার একটা অবলম্বন পেলাম। যারা আমার কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য দোয়া করি।'
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, গণমাধ্যমে কলিমুদ্দিনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশনায় তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব