বাফার গুদামে পর্যাপ্ত সার মজুত : সুষ্ঠু বিতরণে জোর জেলা প্রশাসকের

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা বাফার সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি গুদামে সার মজুত ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করে ডিলারদের বরাদ্দের সার সুষ্ঠুভাবে বিতরণ এবং কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জেলা প্রশাসক জানান, গুদামে আগামী তিন মাসের পর্যাপ্ত সার মজুত রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শনে যান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরিদর্শনকালে তিনি গুদামে মজুত সারের পরিমাণ ও বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। একই সঙ্গে ডিলারদের মাঝে সার বিতরণের সময় প্রত্যেক ডিলারের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বাফার গুদামে আগামী তিন মাসের সার মজুত রয়েছে। বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। ডিলাররা তাদের বরাদ্দের সার গুদাম থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা সচেষ্ট রয়েছেন।
বাফার গুদামের ইনচার্জ মো. আদিলুজ্জামান জানান, বর্তমানে গুদামে ১০ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে, যা আগামী তিন মাসের জন্য পর্যাপ্ত। নিয়মিত কারখানা থেকে সার গুদামে এনে মজুত করা হচ্ছে ও ডিলারদের কাছে বিতরণ করা হচ্ছে।
পরিদর্শনকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা