সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যা মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন ও সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যা মামলার রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামানিক কাপড় বিক্রির করার জন্য বগুড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বগুড়ায় কাপড় বিক্রি শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডের কাঠালতলা নামক স্থানে পৌছলে আসামীরা পরিকল্পিত ভাবে জাফর প্রামানিককে কুপিয়ে আহত করে। তার মৃত্যু নিশ্চিত জেনে আসামীরা লাশ ফেলে রেখে চলে যায়। রাতে যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামানিককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জজেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করে পুলিশ। পরে তারা
পুলিশের কাছে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
ভোরের আকাশ/এনউব