মাগুরায় সাইবার ক্রাইমের অভিযানে ৩৫টি মোবাইল ফোন উদ্ধার

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। পরে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানায়, গত সেপ্টেম্বর মাসে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত হওয়া মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে উদ্ধার করা হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ আরও জানায়, সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে ভিকটিম উদ্ধার ১২ জন, হত্যা মামলার আসামি ২ জন এবং সার কালো বাজারি মামলার আসামি ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সিম-সংক্রান্ত একাধিক প্রতারণার ঘটনায় ডিজিটাল তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো সম্পদ উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা