উল্লাপাড়ায় পানি প্রকল্প চালুর আগেই ৩ হাজার মিটার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগার উদ্বোধনের পরও গ্রাহকদের ঘরে পৌঁছেনি বিশুদ্ধ পানি। এর আগেই পৌর এলাকার বিভিন্ন বাসা থেকে ৩ হাজারের বেশি পানির মিটার চুরি হয়েছে। এতে দীর্ঘ প্রতীক্ষার পরও পানি সরবরাহের সুবিধা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর এলাকার ৬ হাজার পরিবারের কাছে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৩০০ পরিবারকে পানি সরবরাহের আওতায় আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পানি শোধনাগারটির উদ্বোধন করেন।
তবে উদ্বোধনের পর গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ ও মিটার স্থাপনের কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার আগেই চোর চক্রের হানা প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। একের পর এক পানির মিটার চুরির ঘটনায় পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
চুরির বিষয়ে উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রাহক পর্যায়ে পানি সরবরাহের প্রস্তুতি শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে চুরির ঘটনা ঘটে। চোর চক্রটি বিভিন্ন বাড়ি থেকে ৩ হাজারের বেশি পানির মিটার খুলে নিয়ে গেছে। বিপুলসংখ্যক মিটার চুরির কারণে পানি সরবরাহ চালুর কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, ‘সরকারি একটি বড় জনকল্যাণমূলক প্রকল্পের সম্পদ এভাবে চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই চুরির নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটন করতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর নজরদারি চলছে।’
এদিকে চুরির ঘটনার পরপরই তদন্তে নামে স্থানীয় পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পানির মিটার চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিটার চুরির সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে এবং চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট কাজ করছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চুরি হওয়া মিটারের পরিবর্তে নতুন মিটার স্থাপন করে দ্রুত প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
ভোরের আকাশ/সু.পা