শ্রীপুরে ঝুট গুদামে আগুন, পুড়ে ছাই ঝুট মালামাল ও ৩টি গরু

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে গুদামে থাকা কোটি টাকার ঝুট, মালামাল ও গুদাম সংলগ্ন একটি কক্ষে রাখা তিনটি গরু পুড়ে মারা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার বকুলতলা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়।
আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে ও তিনটি গরু পুড়ে মারা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ভোরের আকাশ/মো.আ.