সিরাজগঞ্জে ডোবা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিবার (১০ আগস্ট) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এবিষয়টি নিশ্চিত করেন।
নিহত সবুর মিয়া কাজিপুর উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধানক্ষেতের পাশের ডোবায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে নিহতের ভাই এবং শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে যান।
নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ভাইদের সাথে সবুরের পারিবারিক সম্পর্ক ভালো না। সে কারণে স্ত্রী সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়ায় শশুরবাড়ীতে থাকতো সে। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতো।
নিহতের স্ত্রী বলেন, পরশুদিন সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমরা ভেবেছি পাশেই আমার ভাইয়ের বাড়ি আছে হয়তো সেখানে তিনি আছেন। কিন্তু গতকাল সকালেও তিনি বাড়ি না ফিরলে আমরা খুঁজতে থাকি। পরে এই ধান ক্ষেতের পাশে তার লাশ পাওয়া গেলো।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, শনিবার সন্ধ্যায় খবর পাই উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকায় একটি ধান ক্ষেতের পাশে ডোবায় এক ব্যাক্তির লাশ পরে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। লাশটির গা দিয়ে ফোসকা পড়ে গেছে। মুখমন্ডল ফুলে গেছে। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন না পেলেও সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা উদঘাটন সম্ভব হবে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থলে এসেছিলো। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
ভোরের আকাশ/মো.আ.