ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা করে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মণ (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রানী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রানী (১০) ও রাজশ্রী রানী (৩), পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রানী দাস (৪৭)।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ভারতীয় নাগরিক নেপাল বর্মন গত ২২ অক্টোবর হিলি বন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে আসেন। ২৬ অক্টোবর আদালতের মাধ্যমে জলি রানীকে বিয়ে করেন। পরে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের ৫ জনকে ৪ নভেম্বর রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে নিয়ে আসেন। গোপন সূত্রে জানতে পেরে বিজিবি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিদের বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, নেপাল বর্মন বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম চালিয়ে আসছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকসহ আটক ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ ব্যাটালিয়ন) কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
ভোরের আকাশ/এসএইচ