জীবননগরের উথলী
স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক ও সহকারী

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী মালবাহী ট্রেনের ইঞ্জিনে ঢুকে চালক ও সহকারী চালকের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত ইঞ্জিনে প্রবেশ করে চালক ও সহকারী চালকের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় রেলওয়ে স্টেশন ও ট্রেনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। রেলপথে চলাচলকারী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং রেলপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ভোরের আকাশ/ এনউব