ডিবির ওপর হামলা
কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা নম্বর-২০ তারিখ ১১/১১/২৬।
আসামিরা হলেন-কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬),ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
এজাহারে বলা হয়,মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করার চেষ্টা করা হয়।
এজাহারে আরও বলা হয়, এসময় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশের সদস্যদের ঘিরে ধরে। তাঁরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বলেন, আমি মামলার বাদী। সিটিস্কেন করছি পরে কথা বলছি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।
ভোরের আকাশ/ এনউব