বাসাইলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি সিজন-২’। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বাসাইল উপজেলা যুক্ত হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই আয়োজন। এ উদ্যোগ তৃণমূলের প্রতিভাবান শিশুদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/এনএস