বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে বাগেরহাটে রোগীদের উপচে পড়া ভিড় জমেছে। দিনব্যাপী চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এমনকি ক্যাম্প শেষে রাতেও অস্ত্রোপচারের ব্যবস্থা করে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন। সংগঠনটির অভিষেক উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীর অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য অসহায়, দুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আঃ বাতেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুল সালেহীন, জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম এবং বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।
এ ছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোছা. ফারহানা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থা বিবেচনায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। বিশেষ করে যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাতেও অস্ত্রোপচার করা হয়।
আয়োজকদের এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতা রোগী ও তাঁদের স্বজনরা। তাদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না, তাদের জন্য এ আয়োজন ছিল বড় ধরনের সহায়তা।
চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/ইউএম