সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে রহিমা বেগম (৬০) নামে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের মৃত ইউসুর আলীর স্ত্রী।
সদর থানার উপ-পরিদর্শক অর্ণব সাহা বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রহিমা বেগম একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রায় সময় একা একা তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন।
বৃহস্পতিবার ভোররাতের কোন একসময় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে গাড়ির চাকায় তার মাথা একেবারে পিষ্ট হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে, কি ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভোরের আকাশ/রই