ফুলবাড়ীতে পাওয়ার টিলার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে অর্ধেক অনুদানে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার কাশিপুর ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষকের হাতে পাওয়ার টিলারটি তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের পাওয়ার টিলারের মধ্যে ৯০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করে ব্র্যাক। বাকি ৯০ হাজার টাকা সুবিধাভোগী কৃষক সহজ কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক নর্থ ডিভিশন লালমনিরহাট-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, ফুলবাড়ী এলাকার এলাকা ব্যবস্থাপক আব্দুর রশিদ, কাশিপুর শাখার শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
নতুন পাওয়ার টিলার পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগী কৃষক। তিনি জানান, এই কৃষিযন্ত্রের মাধ্যমে নিজের জমি চাষের পাশাপাশি অন্য কৃষকদেরও সেবা দিতে পারবেন, যা তার আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ব্র্যাকের কর্মকর্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রান্তিক কৃষকদের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই