খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোর রাতে এসআরবি-৬ খুলনা মহানগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাহিল মাহমুদ (২৫) ও শাহাদাত হোসেন শুভ (২৩)। ছাহিলের বাড়ি খুলনা সদর থানার চানমারি বাজার এলাকায়। তার বাবার নাম সওগাতুল আলম ছগীর। অপরদিকে, শুভ লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম বারেক হাওলাদার।
এসআরবি-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র