চট্টগ্রামে সাতসকালে ঘরে আগুন, দাদী-নাতনীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনী মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।
এছাড়া আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এর মধ্যে একটি বসতঘরে আটকে পড়া রুমি আক্তার ও জান্নাত আগুনে পুড়ে মারা যায়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে।’
ভোরের আকাশ/মো.আ.