সিলিমপুরের নিরাপত্তা রক্ষায় সড়কের রুট বদলের প্রস্তাব সিডিএর

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় প্রস্তাবিত সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়কের মধ্যে দুটি সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার পরিকল্পনায় আপত্তি জানিয়েছে সংস্থাটি। আবাসিক এলাকার নিরাপত্তা, পরিবেশ ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বিবেচনায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সিডিএ।
সিডিএ জানিয়েছে, কোনো উন্নয়ন কার্যক্রম যেন স্থানীয় মানুষের নিরাপত্তা ও আবাসিক এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ কারণে প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সড়কের বিকল্প পথ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত সড়কের সম্ভাব্য স্থানগুলো সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় মৌজা ম্যাপসহ বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রস্তাবিত রুটের বাস্তবতা যাচাই করা হয়।
পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, জঙ্গল সলিমপুর এলাকার উন্নয়ন গুরুত্বপূর্ণ হলেও সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে স্থায়ী সড়ক নির্মাণের বিষয়টি বাসিন্দাদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় গ্রহণযোগ্য নয়। তাই বিকল্প কোনো পথ ব্যবহার করাই অধিক যুক্তিসংগত হবে।
তিনি বলেন, স্থানীয় প্লট মালিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করেই সেনাবাহিনীকে বিকল্প রুট দেখানো হয়েছে। প্রস্তাবিত বিকল্প পথের সম্ভাব্য ব্যয় নির্ধারণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রগতি জানানো হবে।
সিডিএ চেয়ারম্যান আরও বলেন, জঙ্গল সলিমপুরের সঙ্গে যোগাযোগ উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন জরুরি। তবে সেই উন্নয়ন পরিকল্পিত ও নিরাপদ হতে হবে। আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ, বাসিন্দাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। দীর্ঘদিন ধরে এ এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং ভূমি ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন সড়ক যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। তবে একটি পরিকল্পিত আবাসিক এলাকার সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হলে ভবিষ্যতে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে সিডিএ।
এ কারণে আবাসিক এলাকার ভেতরের পরিবর্তে বিকল্প স্থানে সড়ক নির্মাণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সিডিএর মতে, এতে একদিকে জঙ্গল সলিমপুরের যোগাযোগ সুবিধা বাড়বে, অন্যদিকে সিলিমপুর আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশও বজায় থাকবে।
মতবিনিময় সভায় সিলিমপুর আবাসিক এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে গ্যাস ও পানি সংকটের বিষয়টি তুলে ধরেন স্থানীয় প্লট মালিকরা।
জবাবে সিডিএ চেয়ারম্যান বলেন, আবাসিক এলাকার পানি সংকট সমাধানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে ওয়াসার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এলাকার নাগরিক সুবিধাগুলো উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শুধু সড়ক নির্মাণ নয়, একটি আবাসিক এলাকার জন্য প্রয়োজনীয় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে সিলিমপুর এলাকার সমস্যা সমাধানে কাজ করা হবে।
এ সময় সিডিএ ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া বাসিন্দারা আবাসিক এলাকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখায় সিডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ভোরের আকাশ/এনউব