গাইবান্ধায় ভোজ্য তেলের অবৈধ মজুদ নিয়ন্ত্রণে অভিযান

গাইবান্ধা জেলা শহরে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৩।
বুধবার (৭ এপ্রিল ) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান এবং গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কিছু দোকানে নির্ধারিত দামের তালিকা প্রদর্শন না করা এবং দামের বিষয়ে অসঙ্গতি লক্ষ্য করা যায়। তবে এদিন কাউকে জরিমানা করা হয়নি। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
র্যাব-১৩-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ বাজার ও পাইকারি প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালানো হয়।অভিযানে কোন অসংগতি না পাওয়ায় জরিমানা করা হয়নি ।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, “ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি অবৈধভাবে পণ্য মজুদ করে বা অতিরিক্ত দামে বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ভোক্তারা জানান, সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা নিয়মিত বাজার তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভোরের আকাশ/এনএস