ডোমার-ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ ও বিএমজেডের আর্থিক সহায়তায় পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন, সহকারী শিক্ষক শফিউল ইসলাম, প্রশিদ্ধা রায়, হরিদাস রায়, বিমলা রানী বসাক, আব্দুস সালাম, ভুষেন রায় ও তইবুল ইসলাম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জসিয়ার রহমান, সুবাস চন্দ্র রায় ও তহমিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, ‘আইন নয়, কেবল সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষার বিস্তারই নারী সহিংসতা রোধের একমাত্র কার্যকর উপায়’। এতে নবম শ্রেণির শিক্ষার্থী আঞ্জুমা আক্তার আরজু, সালমা আক্তার ও শারমিন আক্তার পক্ষে অংশ নেয়। বিপক্ষে অংশ নেয় সিনহা আক্তার, তাবাসসুম ও রুবাইয়া আক্তার। প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়।
রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’, সপ্তম শ্রেণির জন্য ‘বৃক্ষরোপণ অভিযান ও তার প্রয়োজনীয়তা’, অষ্টম শ্রেণির জন্য ‘প্লাস্টিক দূষণ ও তার প্রতিকার’, নবম শ্রেণির জন্য ‘সাইবার নিরাপত্তা ও আমাদের করণীয়’ এবং দশম শ্রেণির জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় মানব ভবিষ্যৎ’ বিষয় নির্ধারণ করা হয়।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দিকা আশা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/সু.পা