গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে আজ সকালের দিকে পলাশবাড়ী পৌরসভা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই এলাকার সুরুজ জামালের ছেলে মো. সজিব (২৪)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরসভা এলাকায় বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেনে জনৈক আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের A3 ও A4 আসনের যাত্রী খাজা আল মামুন ও মো. সজিবের দেহ তল্লাশি করে তাদের পরনের প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ছিল ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট। একই সঙ্গে মাদক কেনাবেচার নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ জানান, গ্রেপ্তার দুজন বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকার একটি কলোনিতে বসবাস করছিলেন। প্রাথমিকভাবে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,' মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।'
ভোরের আকাশ/ এনউব