ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরো চারজন ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের উপজেলার ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫)।
এ ঘটনায় আহত পাঁচজন হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার আব্দুর রশিদ মুন্সির ছেলে গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), ফরিদপুরের ভাঙ্গার পুখরিয়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), ভাঙ্গার গোয়ালপাড়া এলাকার সুলতান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫), মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) এবং ভাঙ্গার শিলাদর চর গ্রামের জমির উদ্দিন মোল্লার ছেলে শহীদ মোল্লা (৩৫)। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৭টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে পড়ে এবং বাসটি পালিয়ে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম জানান, দুর্ঘটনায় মোট পাঁচ জন নিহত হন। হাসপাতালে আহত অবস্থায় মোট পাঁচজন রোগী ভর্তি হন। এর মধ্যে একজন ভর্তি আছেন। বাকি চারজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ