জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ উপজেলার সাতানী পাড়া দিগল কোনা এলাকায় চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করেন সাতানি পাড়া বিওপি সদস্যরা।
বিজিবি জানান, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগল কোনা এলাকায় অভিযান পরিচালনা করেন
সাতানীপাড়া বিওপির টহলদল। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/ এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগল কোনা গ্রামের একটি এলাকা থেকে আসামি বিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়।
জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, "সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।"
ভোরের আকাশ/সু.পা