সৈয়দপুরে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে ৩০০ পিস ইয়াবাসহ এনামুল হক (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা পাশারী পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হক খালিশা পাশারী পাড়া এলাকার মৃত কাইল্টা মাহমুদের ছেলে।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিবির (ওসি) আবু ইকবাল পাশার দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সোহারাব হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাসহ একটি চৌকস টিম।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান সম্পন্ন হয়।
অভিযান চলাকালে এনামুল হককে আটক করার পর তার দেহ ও হেফাজত তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাগুলো আলামত হিসেবে জব্দ করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/আ.র