আখাউড়ায় গৃহবধূ ও বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক ঘটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক বৃদ্ধ ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টনকি গ্রামের একটি পুকুরপাড়ের আমগাছ থেকে মো. মাহফুজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
অন্যদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে নিজ বাড়ি থেকে মোছা. রিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের দাবি, মাহফুজ মিয়া দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। আর রিয়া আক্তারের মৃত্যুর সময় তার স্বামী ও দুই সন্তান একই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ দুটি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, “দুটি মৃত্যুর ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভোরের আকাশ/জেআ