শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কা, নিহত প্রবাসী স্বামী

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় ইয়ামিন মিয়া (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববধূ সুমা আক্তার (১৮)। এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভুঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি বিয়ের জন্য দেশে এসেছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইয়ামিন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ইয়ামিন ও সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা নওশাদ হোসেন জানান, গত ৮ জুলাই ইয়ামিন বিয়ের উদ্দেশ্যে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সোমবার সেখান থেকে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।
তিনি বলেন, “বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো পরিবার ও আত্মীয়স্বজন শোকে স্তব্ধ। হাসপাতালে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।”
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলছে বলে তিনি জানান।
ভোরের আকাশ/জেআ