দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো: জেদান আল মুসা এবং দিনাজপুর পৌর প্রশাসক হাফিজুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিতকরণ, গবাদিপশু-পাখির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার এবং খামারিদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতের জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৯ শতাংশ।
প্রত্যক্ষ কর্মসংস্থানে এ খাতের অবদান ২০ শতাংশ এবং পরোক্ষ কর্মসংস্থানে ৫০ শতাংশ। দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম এর প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলার ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, দুধ উৎপাদনের বার্ষিক লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৮ হাজার ৮০০ মেট্রিক টন, মাংসের লক্ষ্যমাত্রা ২ লাখ ২৭ হাজার মেট্রিক টন এবং ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৩৩৬ দশমিক ৪৩ লাখ। প্রকাশিত তথ্যে এসব খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের চিত্রও তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভোরের আকাশ/সু.পা