চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধার দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)-র অভিযানে মাদক রেখে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য মফিজ উদ্দিনের দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে রোববার দুপুরে শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে এসআরবি-৫ তাঁর বাড়ির আমবাগানে নাটকীয় অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে। এরপর ঘুমন্ত অবস্থায় তাঁর ছোট ছেলে, স্বাস্থ্য বিভাগের কর্মচারী মেহেদী হাসানকে আটক করা হয়। একই মামলায় তাঁর মেজো ছেলে, সাবেক এএসআই আল মামুনকে পলাতক আসামি দেখানো হয় যিনি ঘটনার সময় রাজশাহীতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বলেন, দেশের জন্য যুদ্ধ করেছি, অথচ আজ নিজ বাড়িতে ষড়যন্ত্রের শিকার। এক কুচক্রী সোর্সের ফাঁদে ফেলে আমার দুই সৎ ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সংবাদ সম্মেলনে মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে এসআরবি-৫ কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।
ভোরের আকাশ/ এনউব