১৮ মামলার আসামি ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮ মামলার আসামি ও কথিত কিশোর গ্যাং নেতা শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ (২০) এবং তাঁর তিন সহযোগীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। র্যাব জানিয়েছে, তাঁরা সবাই রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব-১১ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, চারটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১-এর এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের তথ্য অনুযায়ী, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। পুলিশ দাবি করেছে, তাঁর নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার অপরাধীদের নিয়ে একাধিক কিশোর গ্যাং ও অপরাধী চক্র গড়ে ওঠে।
পুলিশ আরও জানায়, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকায় এসব অপরাধী চক্রের তৎপরতা ছিল। শ্রাবণের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের কারবারের অভিযোগও রয়েছে।
এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারে তাঁর সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিত বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ