কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে : হুইপ দুলু

কৃষিবান্ধব নীতি গ্রহণ ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রবিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’-এর শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, "এদেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকদের উৎসাহিত ও স্বাবলম্বী করতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মুক্ত করা হয়েছে। এছাড়া সার সংকট নিরসনে ইউনিয়ন পর্যায়ে ডিলার সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে কৃষকদের সার সংগ্রহে ভোগান্তি না পোহাতে হয়।"
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোনোয়ার জাহান,যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম , নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন, নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদুল ইসলাম নাহিদ,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এম হাফিজ, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো. মামুনুর রশিদ খান,বিপ্র- বেলঘড়িয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি আব্দুস সালাম তালুকদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হুইপ দুলু ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন বাস্তবায়ন সংক্রান্ত এক প্রচার অভিযানে অংশ নেন।
ভোরের আকাশ/রই